শিক্ষার্থীদের হাতে ঈদ সালামি তুলে দিলেন যবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষকরা
সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ২২:০০
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভাগের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে নান্দনিক ডিজাইনের শুভেচ্ছা কার্ডের সঙ্গে ঈদ সালামি সংযুক্ত করে উপহার দিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষকরা। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।
রোববার (৮ মার্চ) ছাত্র–শিক্ষক কেন্দ্রের (টিএসসি) তৃতীয় তলায় ইফতার পরবর্তী সময়ে সব বর্ষের শিক্ষার্থীদের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।
ঈদ কার্ড ও ঈদ সালামি পেয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, বরাবরই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগগুলোর তুলনায় সিএসই বিভাগ অনন্য। সব কার্যক্রমেই যার প্রতিফলন দেখা যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। এত অল্প সময়ের মধ্যে ক্লাস ও ল্যাবের ব্যস্ততার মাঝেও এত মনোমুগ্ধকর আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। এ ধরনের আয়োজন শিক্ষক–শিক্ষার্থীর মেলবন্ধনকে আরও দৃঢ় করবে বলে তিনি মনে করেন।
দ্বিতীয় বর্ষের আরেক শিক্ষার্থী মিনহাজুল ইসলাম নাবিল বলেন, ঈদের আগে বিভাগ থেকে ঈদ সালামি পেয়েছি। ছোট বিষয় মনে হলেও এমন উদ্যোগ আসলে অনেক বড় অনুভূতি তৈরি করে। বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত ক্লাস, অ্যাসাইনমেন্ট, ল্যাব, সিটি এবং নানা চাপের মাঝেও বিভাগ যে শিক্ষার্থীদের কথা এভাবে ভাবে, তা সত্যিই ভালো লাগার মতো। এমন উদ্যোগ সব জায়গায় দেখা যায় না, তাই বিষয়টি আমাদের জন্য আরও বিশেষ। এমন ছোট ছোট বিষয়ই একটি বিভাগকে আলাদা করে তোলে এবং নিজের বিভাগের প্রতি আলাদা গর্বও তৈরি করে।
প্রথম বর্ষের শিক্ষার্থী আল-আমিন বলেন, বিভাগের ইফতার মাহফিলে ইফতারের সামনে বসে ছিলাম। তখন হঠাৎ পাওয়া ঈদের সালামি একটি ছোট মুহূর্তকে বড় অনুভূতিতে পরিণত করেছে। এটি শুধু একটি উপহার নয়, বরং বিভাগের ভালোবাসা, আন্তরিকতা ও আপন ভাবের প্রকাশ। বিশ্ববিদ্যালয় জীবনে এমন ছোট ছোট মুহূর্তই একসময় সুন্দর স্মৃতি হয়ে থাকে। সম্মানিত শিক্ষক ও বিভাগের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই ভালোবাসা ও দোয়া নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান বলেন, আমরা শিক্ষার্থীদের অভিভাবক। ঈদের সময় অভিভাবকদের কাছ থেকে পাওয়া সালামি ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমরা সিএসই বিভাগের শিক্ষার্থীদের ঈদকে আনন্দময় করতে সামান্য সালামি দেওয়ার মাধ্যমে সেই অনুভূতি ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি।
এএস/

