স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে ইবির প্রশাসন ভবনে তালা
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:৫৪
ছবি : বাংলাদেশের খবর
গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দিয়ে আন্দোলন করেছেন ইবির শিক্ষার্থীরা।
শনিবার (০৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন তারা। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে রয়েছে- 'এক দফা এক দাবি, ইবি গুচ্ছের বাহিরে যাবি', 'আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে', 'জবি যখন বাহিরে, ইবি কেনো গুচ্ছে'।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন। এর ফলে আন্দোলন স্থগিত করা হয়। এ সময় প্রক্টর রোববার বিকেল ৩টায় গুচ্ছ ভর্তি পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিতে আলোচনা করার আশ্বাস দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তারা কোনো ধরনের কালক্ষেপণ চাইছেন না। পড়ার টেবিলে ফিরে যেতে চান। তারা বলেন, আমরা ইবিকে গুচ্ছের মধ্যে দেখতে চাই না। তা না হলে আরও কঠোর আন্দোলনে যাবো।
মাসুম শাহরিয়ার/এমবি

