Logo

ক্যাম্পাস

ইউজিসি-তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সমঝোতা:

মাস্টার্স-পিএইচডিতে সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক্ষার্থী

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৮:০১

মাস্টার্স-পিএইচডিতে সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক্ষার্থী

বাংলাদেশ ও চীনের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষক উন্নয়ন, বৃত্তি কর্মসূচি এবং একাডেমিক বিনিময় জোরদারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় আগামী কয়েক বছরে প্রায় ১০০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের সুযোগ দেবে তিয়ানজিন বিশ্ববিদ্যালয়।

রোববার (২৮ জুন) চীনের তিয়ানজিনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সফরকালে এ সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে ইউজিসির পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়া উপস্থিত ছিলেন। তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতায় স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মিং দং। এ সময় স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন অধ্যাপক লিকিয়াং উপস্থিত ছিলেন।

বৈঠকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের মানবসম্পদ গড়ে তুলতে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কার্যকর অংশীদারত্ব অপরিহার্য। তিনি মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে যৌথ অর্থায়নে শিক্ষা কার্যক্রম চালুর পাশাপাশি প্রকৌশল, বিজ্ঞান, প্রযুক্তি, মানবিক ও অন্যান্য অগ্রাধিকারভিত্তিক বিষয়ে শিক্ষক ও গবেষকদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের প্রস্তাব দেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় ২৫টি বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে দক্ষ শিক্ষক, পাঠ্যক্রম উন্নয়ন এবং একাডেমিক সহযোগিতার জন্য তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সহায়তা কামনা করেন তিনি। পাশাপাশি বাংলাদেশে যৌথ গবেষণাগার স্থাপনের প্রস্তাবও দেন, যা গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি স্থানান্তর ও সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মিং দং বাংলাদেশের সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণাভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়টির আগ্রহের কথা জানান। বৈঠকে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, একাডেমিক মোবিলিটি এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন অধ্যাপক লিকিয়াং জানান, বর্তমানে প্রায় ৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে সেখানে স্বাগত জানাতে বিশ্ববিদ্যালয়টি আগ্রহী।

সমঝোতা স্মারকে স্নাতকোত্তর শিক্ষা, যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণাগার স্থাপন, চীনা ভাষা শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার একটি বিস্তৃত কাঠামো নির্ধারণ করা হয়েছে। উভয় পক্ষ আশা প্রকাশ করেছে, এই কৌশলগত অংশীদারত্ব বাংলাদেশ ও চীনের উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন