Logo

ক্যাম্পাস

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাময়িক বরখাস্ত

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৯:৩৫

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাময়িক বরখাস্ত

সংগৃহীত

বর্তমান সরকারকে উৎখাতের পরিকল্পনা সংক্রান্ত একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়ার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যানাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি গত বৃহস্পতিবার (২ জুলাই) জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ‘বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি’ নামে একটি টেলিগ্রাম গ্রুপে গত ২৬ জুন অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় কল্যানাংশু নাহা অংশ নেন। ওই সভায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে তিনি বক্তব্য দেন বলে অভিযোগ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ওই বক্তব্যে তিনি নিজের রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠার বিষয়ে করণীয় তুলে ধরার পাশাপাশি বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের পরিকল্পনা সম্পর্কেও মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধির পরিপন্থি।

এ ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তের স্বার্থে কল্যানাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কল্যানাংশু নাহা বলেন, চিঠিটি বিভাগে পৌঁছেছে বলে তিনি জেনেছেন, তবে এখনও হাতে পাননি। এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই বলেও জানান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন