Logo

ক্যাম্পাস

বাকৃবিতে পোষ্য ও পথপ্রাণী পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ

Icon

জয় মন্ডল, বাকৃবি সংবাদদাতা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৯:৫১

বাকৃবিতে পোষ্য ও পথপ্রাণী পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ

পোষ্য ও পথপ্রাণীর পরিচর্যা, নিরাপদ ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসা এবং পুষ্টি বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে 'বেসিক ট্রেনিং সেশন অন পেট অ্যান্ড স্ট্রে অ্যানিম্যালস: হ্যান্ডলিং, মেডিসিন অ্যান্ড নিউট্রিশন'।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে অ্যানিম্যাল সেভিয়ার্স অব বাংলাদেশ (এএসবি) এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি এবং ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের অ্যানিমেল হেলথ ডিভিশনের হেড অব মার্কেটিং এ.এন.এম. সেলিম হাসান। এ সময় এসকেএফ-এর আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক সৈয়দ মাহফুজ আলীসহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে এএসবির সহ-সভাপতি ড. মো. আল ফারুক মিয়া বলেন, দুই বছর কাজ করার পর ১০১ সদস্যের কমিটি নিয়ে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। পথপ্রাণী উদ্ধার ও চিকিৎসা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি জানান, বর্তমানে উদ্ধার করা প্রাণীদের অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যার জন্য স্থায়ী কোনো জায়গা নেই। এজন্য ভেটেরিনারি টিচিং হসপিটালে একটি কক্ষ বরাদ্দ এবং স্বেচ্ছাসেবকদের জন্য প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম প্রদানের আহ্বান জানান।

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার সৈয়দ মাহফুজ আলী বলেন, প্রতিষ্ঠানের লক্ষ্য নিরাপদ ও টেকসই প্রাণিজ প্রোটিন উৎপাদনে অবদান রাখা। তিনি প্রাণিস্বাস্থ্য খাতে চিকিৎসকদের ভূমিকারও প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, মানুষের মতো প্রতিটি প্রাণীর জীবনও সমান মূল্যবান। একজন ভেটেরিনারিয়ান হিসেবে প্রাণীর সুরক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা পেশাগত ও নৈতিক দায়িত্ব। তিনি এএসবির কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এএসবির সভাপতি অধ্যাপক ড. মো. মাহবুব আলম বলেন, প্রতিবেশী দেশে পথপ্রাণী সেবার মানবিক কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয়ে ২০১৬ সালে শিক্ষার্থীদের সহযোগিতায় অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে অ্যানিম্যাল সেভিয়ার্স অব বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়।

আলোচনা পর্ব শেষে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। চারটি সেশনে পোষা প্রাণী নিরাপদে ধরার কৌশল, মালিকের সঙ্গে কার্যকর যোগাযোগ, পুষ্টি ও দৈনন্দিন পরিচর্যা, কুকুর-বিড়ালের প্রাথমিক চিকিৎসা, সাধারণ রোগব্যাধি এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ দেন আবদুর রহমান শাকিল, শামসুন নাহার ওয়নতি, ইন্দ্রানী আদিত্য, ড. সন্দীপ সাহা এবং ড. আল ফারুক।

প্রশিক্ষণে প্রাণিকল্যাণ, দায়িত্বশীল পোষ্য পালন ও পথপ্রাণী ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞদের আলোচনা এবং অংশগ্রহণকারীদের মতবিনিময় ব্যাপক সাড়া ফেলে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন প্রাণিসেবায় তরুণদের স্বেচ্ছাসেবী হিসেবে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন