মানবিক ডাক্তার হতে চায় প্রাথমিকে বৃত্তি পাওয়া রাতসা তারান্নুম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:০১
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে মাদারীপুরের ডনোভান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাতসা তারান্নুম আত্মিয়া। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রেখে বৃত্তি লাভ করেছে সে।
গত রোববার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। দেশজুড়ে লাখো শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত মেধা লড়াইয়ে তার এই অসামান্য অর্জনে রাতসা তারান্নুমসহ ওর পরিবারও খুশী।
রাতসা তারান্নুমের পরিবার জানায়, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রমের ফলেই তার এই বৃত্তি অর্জন সম্ভব হয়েছে।
আগামী দিনেও সে যেন তার মেধার আলো দিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য তারা সবার কাছে দোয়া চেয়েছেন।
তার শিক্ষকরা বলেন, রাতসা তারান্নুমসহ আমাদের শিক্ষার্থীরা শুরু থেকেই অত্যন্ত মনোযোগী এবং মেধাবী। ওদের এই বৃত্তি প্রাপ্তি আমাদের পুরো প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের।
রাতসা তারান্নুম আত্মিয়া সবার কাছে দোয়া চেয়ে বলেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ডনোভান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর বৃত্তি পেয়েছি। আমরা স্বপ্ন, বড় হয়ে আমি একজন মানবিক ডাক্তার হয়ে মানুষের সেবা করবো। সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুশিক্ষিত ও আদর্শবান মানুষ হিসেবে কবুল করেন, আমিন।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশজুড়ে ৬ লাখ ৪০ হাজারেরও বেশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বাংলাদেশের খবর/এইচআর

