Logo

ক্যাম্পাস

বাকৃবিতে অত্যাধুনিক উদ্ভিদ পুষ্টি গবেষণাগারের যাত্রা শুরু

Icon

জয় মন্ডল, বাকৃবি সংবাদদাতা:

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ১৯:০২

বাকৃবিতে অত্যাধুনিক উদ্ভিদ পুষ্টি গবেষণাগারের যাত্রা শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উদ্ভিদ পুষ্টি ও মৃত্তিকা বিজ্ঞান গবেষণাকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক ‘উদ্ভিদ পুষ্টি গবেষণাগার’। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর অর্থায়নে বাস্তবায়িত ‘সানরাইস’ প্রকল্পের আওতায় নির্মিত এ গবেষণাগার কৃষি গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত বৃহস্পতিবার সকালে গবেষণাগারটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গবেষণাগার উদ্বোধনের পর জাইকা-বাকৃবি ‘সানরাইস’ প্রকল্পের যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

‘সানরাইস’ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, জাইকার প্রতিনিধিসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নতুন এ গবেষণাগার চালুর ফলে উদ্ভিদের পুষ্টি ব্যবস্থাপনা ও মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে উচ্চতর গবেষণার সুযোগ আরও বিস্তৃত হবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি শিক্ষা, গবেষণা এবং টেকসই কৃষি উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তাদের মতে, গবেষণাগারটি শিক্ষার্থী ও গবেষকদের জন্য আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনার সুযোগ সৃষ্টি করবে এবং দেশের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, মাটির স্বাস্থ্য সংরক্ষণ ও বৈজ্ঞানিক কৃষি ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন