Logo

ক্যাম্পাস

ঢাবিতে ১০০ শিক্ষার্থী পাবেন মাসে ২৫০ টাকা ক্রীড়া বৃত্তি

Icon

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১৯:০৩

ঢাবিতে ১০০ শিক্ষার্থী পাবেন মাসে ২৫০ টাকা ক্রীড়া বৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) খেলোয়াড় শিক্ষার্থীদের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ক্রীড়া বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র। এ বৃত্তির আওতায় নির্বাচিত ১০০ জন শিক্ষার্থী মাসে ২৫০ টাকা করে বৃত্তির পাশাপাশি বেতন মওকুফের সুবিধা পাবেন।

রোববার (৯ আগস্ট) শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক নয়না চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষ সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত খেলোয়াড় শিক্ষার্থীদের মধ্য থেকে ক্রীড়া বৃত্তির জন্য মনোনয়ন দেওয়া হবে।

তবে বৃত্তি পেতে নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা আয়োজিত প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে অংশ নিয়ে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক অর্জনকারী এবং দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন দলের সদস্যরা এ বৃত্তির জন্য বিবেচিত হবেন।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৩ আগস্ট ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটের চেয়ারম্যান/পরিচালকের প্রত্যয়নসহ পরিচালক, শারীরিক শিক্ষা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, একই শ্রেণিতে অধ্যয়নরত কোনো শিক্ষার্থীকে দ্বিতীয়বার ক্রীড়া বৃত্তির জন্য মনোনয়ন দেওয়া হবে না।

শারীরিক শিক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কার্যক্রমে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন