বাংলাদেশের সমৃদ্ধ লোকনাট্য ঐতিহ্য, বিশেষ করে যাত্রাশিল্পের নান্দনিকতা ও আধুনিক মঞ্চাভিনয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) দিনব্যাপী নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে ‘দিনব্যাপী নাট্য কর্মশালা (ফল ২০২৬)’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা লোকনাট্য, যাত্রাপালা ও আধুনিক মঞ্চাভিনয়ের বিভিন্ন বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণ ও প্রযোজনার অংশ হিসেবে আয়োজিত কর্মশালাটি বিভাগের কারিকুলাম ইন্টিগ্রেশন (সিআই) কার্যক্রমের অন্তর্ভুক্ত ছিল। এবারের সিআই কার্যক্রমের প্রতিপাদ্য ছিল ‘বাংলা ভাষা ও সাহিত্যে টেকসই উন্নয়ন ভবিষ্যৎ এবং বাংলা ঘরানা’।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত যাত্রাশিল্পী ও অভিনেতা অরবিন্দ মজুমদার এবং মঞ্চনির্দেশক, অভিনেতা ও ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক দিদার মুহাম্মদ। তাঁরা বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের নান্দনিকতা, অভিনয়শৈলী, মঞ্চাভিনয়ের কৌশল এবং নাট্যচর্চার বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, হাতে-কলমে অনুশীলন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মশালাটি প্রাণবন্ত ও সৃজনশীল হয়ে ওঠে। এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বাংলাদেশের সমৃদ্ধ লোকনাট্য ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ঐতিহ্যবাহী যাত্রাশিল্প ও আধুনিক মঞ্চাভিনয়ের মধ্যে সৃজনশীল সংযোগের সুযোগ পান।
শিক্ষার্থীদের নাট্যচর্চায় আগ্রহী করে তোলা, অভিনয়দক্ষতা বিকাশ এবং বাংলা নাটকের ঐতিহ্য ও সমকালীন মঞ্চচর্চার মধ্যে সেতুবন্ধ তৈরি করাই ছিল এ কর্মশালার অন্যতম লক্ষ্য।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, প্রশিক্ষক এবং আয়োজন বাস্তবায়নে সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে ইউল্যাবের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ।
বাংলাদেশেরখবর/আরকে

