জবি শিক্ষার্থীদের অনশনে উস্কানি-হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০০:৫৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের তিন দফা দাবিতে গণ-অনশন কর্মসূচি চলছে। অনশনরত অসুস্থ শিক্ষার্থীদের উপর হামলা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে কর্মসূচি ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের বিরুদ্ধে।
অভিযুক্ত ছাত্রদলকর্মী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী মো. আরিফুজ্জামান টিংকু। তিনি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা ও বর্তমান যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের অনুসারী।
রোববার (১২ জানুয়ারি) রাত ১০টার দিকে শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।
উপস্থিত শিক্ষার্থীরা জানান, রোববার রাত ১০টার দিকে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ১২ জন অসুস্থ হয়ে মেডিকেল সেন্টারে ভর্তি হয়। এ সময় শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে বাস্তবায়নের রোডম্যাপও ঘোষণা করে জবি প্রশাসন। ওই সময় অভিযুক্ত শিক্ষার্থী আরিফুজ্জামান ঘোষণা করেন, আপনারা যারা অনশন করতে চান, সবাই মানসিকভাবে প্রস্তুতি নেন। যতক্ষণ দাবি আদায় না হবে, ততক্ষণ আমরা অনশন চালিয়ে যাব।'
পরে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় ২নং যুগ্ম-সাধারণ সম্পাদক তৌফিব মাহমুদ সোহান তার পরিচয় জানতে চান। এ সময় বাংলা বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী এবং ছাত্রদলকর্মী সাগর ও আশরাফুল পরিচয় জানতে চাওয়াতে তৌসিবের উপর হামলা চালায়। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
কোন কারণে ও কেন তিনি এমন ঘোষণা দিয়েছেন জানতে চাইলে অভিযুক্ত ছাত্রদলকর্মী আরিফুজ্জামান টিংকু বলেন, আমাকে কয়েকজন এই ঘোষণা দিতে বলেছেন। তাই এই ঘোষণা দিয়েছি।
তবে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার বলেন, তাকে আমি চিনি না।
এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের অধিকারের সাথে আছে। তবে বিশৃঙ্খলাকারীদের দলে ঠাঁই নাই। কেউ কোনো প্রকার উস্কানি ও বিশৃঙ্খলা করলে আমরা ব্যবস্থা নেব।
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন নাসিরকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।
এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ পড়েন। তাদের দাবিও মেনে নেওয়া হয়। তারপরও তিনি কেন এখানে এলেন, বিষয়টি সন্দেহজনক। তার বিরুদ্ধে তদন্ত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জান্নাতুন নাইম/ওএফ

