নারী শিক্ষার্থীদের ‘অস্থায়ী আবাসন সহায়তা’ দেবে ঢাবি প্রশাসন
ঢাবি প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৭:১০
সিট পাওয়ার যোগ্য, অথচ আবাসন সংকটের কারণে সিট পাচ্ছে না, এমন নারী শিক্ষার্থীদের অস্থায়ী আবাসন সহায়তা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই কার্যক্রমের আওতায় প্রতি শিক্ষার্থীকে মাসিক তিন হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দিন আহমদ এবং মেয়েদের হলের প্রভোস্টগণ উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা চাইলেই আমাদের নারী শিক্ষার্থীদের আবাসনের জন্য খুব দ্রুত কোনো সমাধান করতে পারছি না। আমরা বাজেটের বাইরে একটি ফান্ড কালেকশনের মাধ্যমে শিক্ষার্থীদের আবাসন সহায়তা দেব। যারা হলে সিট পাওয়ার যোগ্য, কিন্তু সংকটের কারণে সিট দেওয়া সম্ভব হচ্ছে না, তাদের জন্য আমরা মাসিক ৩ হাজার টাকা করে আবাসন সুবিধা প্রদান করব।
তিনি আরও বলেন, হলগুলোতে কারা সিটে থাকতে চায়, সেটা জানতে চাওয়া হয়েছে। এটা হাতে পেলে আমরা যাচাই-বাছাই করে কাজ শুরু করে দেব। অতিদ্রুত নতুন হল নির্মাণ করা এবং অস্থায়ীভাবে বাঙ্ক বেড স্থাপন করা হবে। ইতোমধ্যেই আড়াই হাজার নারী শিক্ষার্থীদের থাকার জন্য একটি হল নির্মাণ করে দেওয়ার জন্য চীনের বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা বলেন, খুব দ্রুত অবকাঠামোগত সুযোগ-সুবিধা তৈরি করা সম্ভব নয়, কিছুটা সময় লাগবে। কিন্তু এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছি। আপাতত এই আর্থিক সহায়তা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যাতে করে শিক্ষার্থীরা বাইরে কোথাও থাকতে পারে।
এমএইচএস

