সনদ তুলতে এসে আটক জবির সাবেক ছাত্রলীগ-নেত্রী
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:১২
ছবি : সংগৃহীত
স্নাতকের সনদ তুলতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সাবেক একজন নেত্রী। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী আফিয়া আনজুম।
রোববার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের নিচ থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা। তবে তার নামে কোনো মামলা না থাকায় অঙ্গীকারনামা নিয়ে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থী সূত্রে জানা যায়, ছাত্রলীগ-কর্মী আফিয়াকে চিনতে পেরে প্রক্টর অফিসে নিয়ে আসেন তারা। সেখান থেকে পালাতে গেলে প্রধান ফটকের সামনে তাকে আটক করেন তারা। আফিয়ার বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ আনা হয়। পাশাপাশি ফেসবুকে আন্দোলনকারীদের হুমকি-ধমকিও দেন তিনি।
আটক ছাত্রলীগ কর্মী আফিয়া বলেন, আমাকে ২০২৩ সালের আগস্টে অভ্যন্তরীণ প্রতিহিংসার কারণে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। আমি ছাত্রলীগের রাজনীতির সাথে এখন জড়িত না। আমি ৭১-কে ধারণ করি, এটাই আমার রাজনীতি। আমি সনদ উঠাতে আসলে আমাকে কয়েকজন ধরে প্রক্টর অফিসে নিয়ে আসে। পরে এখানে এসে কোনো শিক্ষককে না পেলে আমি চলে যেতে চাই। তখন গেট থেকে আমাকে আবার প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জান্নাতুন নাইম/বিএইচ

