Logo

ক্যাম্পাস

রাবিতে বহিরাগত যুবকের মৃত্যু নিয়ে রহস্য

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০০:২২

অ
রাবিতে বহিরাগত যুবকের মৃত্যু নিয়ে রহস্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগত এক যুবকের রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রেকেট গ্রাউন্ড এলাকায় শিমুল (২১) নামের ওই যুবককে স্থানীয় শিক্ষার্থীরা মারধর করেন বলে জানা গেছে। পরে তিনি মারা যান। শিমুল রাজশাহী কলেজে অনার্সে অধ্যয়নরত ছিলেন। 

রাবি ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিমুল তার বান্ধবীর সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছিলেন। প্রক্টরিয়াল টহলের সময় তাদের ধাওয়া করলে শিমুল রেকেট গ্রাউন্ডে পড়ে যান। এ সময় স্থানীয় শিক্ষার্থীরা তাকে ধরে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

নিহতের পরিচিতজনদের দাবি, শিমুলকে মারধর করে হত্যা করা হয়েছে। তবে তার শরীরে আঘাতের তেমন কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি। এর ফলে মৃত্যুর আসল কারণ নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে।

রাবি পুলিশ ফাঁড়ির এসআই হাসান বাংলাদেশের খবরকে বলেন, শিমুলের সঙ্গে থাকা মেয়েটিকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে, রামেক হাসপাতালে নিহত শিমুলের সহপাঠী ও স্থানীয় শিক্ষার্থীদের অবস্থানের কারণে পরিস্থিতি থমথমে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর নজরদারি চালাচ্ছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়।

জয়/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন