ঢাবি প্রোভিসির অসদাচরণ
সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২০:৪২
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের অসদাচরণের জেরে সায়েন্সল্যাব সড়ক অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা।
রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দুই শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। এতে সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, সাত কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেন। এর জেরে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করেন।
শিক্ষার্থীরা বলেন, সাত কলেজের ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা সংক্রান্ত পূর্বের দেওয়া স্মারকলিপির (কোটা প্রথা বাতিল, আসন সংখ্যা কমানোসহ ৫ দফা দাবি) অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রোভিসি আমাদের খুব বাজে আচরণ করেন। দুর্ব্যবহার করে তিনি শিক্ষার্থীদের বের করে দেন।
এদিকে আন্দোলনের অংশ হিসেবে রাজধানী টেকনিক্যাল মোড়েও সড়ক আটকে দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো :
১. ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে।
২. শ্রেণীকক্ষের ধারণক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না।
৩. শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে।
৪. নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।
৫. সাত কলেজের ভর্তি ফি’র স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফি’র
টাকা জমা রাখতে হবে।
এনএমএম/এমআই

