ইবতেদায়ী শিক্ষকদের হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ
জবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:০৮
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর শাহাবাগ মোড়ে ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনকিলাব মঞ্চ।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য দাবিতে করা আন্দোলনে পুলিশ যে ন্যাক্কারজনক হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। ইবতেদায়ী শিক্ষকরা যে বেতন পায় সেটা কখনোই একটা পরিবার চালানোর জন্য উপযুক্ত না। আমরা আশা করেছিলাম ফ্যাসিবাদ পরবর্তী সময়ে পুলিশ তাদের আচরণ পরিবর্তন করবে। কিন্তু তারা একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীদের ওপর।
জাস্টিস ফর জুলাইয়ের আহ্বায়ক সজিবুর রহমান বলেন, আমরা পুলিশকে সংস্কারের কথা বলেছি। পুলিশের পূর্বে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্ষুদ্রনৃগোষ্ঠীদের আন্দোলনে হামলা চালিয়েছে। রোববার (২৬ জানুয়ারি) তারা ইবতেদায়ী শিক্ষকদের ওপর হামলা করল। ৫ আগষ্ট পরবর্তী স্বাধীন দেশে আমরা আশা করি আমরা আমাদের দাবি সরকারের সামনে উপস্থাপন করতে পারব। পুলিশ বাহিনী আমাদের উপর কোনোভাবেই হামলার অধিকার রাখে না। স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এ বিষয়ে কোনো নিশ্চয়তা (ক্লারিফিকেশন) দিতে দেখিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব শান্তা ইসলাম বলেন, বাংলাদেশের ৫৪ শতাংশ শিক্ষার্থী ইবতেদায়ী মাদ্রাসায় পড়াশোনা করছে। এর পরও কেনো ইবতেদায়ী শিক্ষাকে জাতীয়করণ করা হবে না। তারা যাদের ওপর হামলা করেছে তারা কোনো সন্ত্রাসী না, তারা পিতৃতুল্য শিক্ষক। শুধু তাই নয়, আমরা দেখেছি তারা মাতৃতুল্য শিক্ষিকাদের ওপরও একইভাবে হামলা চালিয়েছে। আমরা পুলিশের এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই।
প্রসঙ্গত, রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা বিক্ষোভ সমাবেশ করেন। এসময় লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। এতে কয়েকজন মাদ্রাসা শিক্ষক আহত হন।
জেআই/এমআই

