জবির কেন্দ্রীয় লাইব্রেরিতে পত্রিকা ও বুকসেলফ দেবে ছাত্রদল
জবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:৩৩
ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা দেওয়ার আশ্বাস দিয়েছে শাখা ছাত্রদল। এসময় বই রাখার জন্য বুকসেল্ফ, ব্যাগ রাখার জন্য তাক বসিয়ে দেওয়ার ঘোষণা দেয় তারা।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব মো. সামসুল আরেফিন লাইব্রেরি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন।
লাইব্রেরি পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের দবি দাওয়া নিয়ে আলোচনার সময় তারা বলেন, ছাত্রদলের অর্থায়নে প্রতিদিন ৩টি প্রথম আলো এবং ৩টি ডেইলি স্টার পত্রিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া ছাত্রদলের পক্ষ থেকে বই রাখার জন্য বুকসেল্ফ, ব্যাগ রাখার জন্য আরো তাক বসিয়ে দেওয়ার ঘোষণা দেন।
তারা আরও বলেন, মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকেই পত্রিকা দুটি কেন্দ্রীয় লাইব্রেরি ও উন্মুক্ত লাইব্রেরিতে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী দেওয়া হবে।
শিক্ষার্থীরা লাইব্রেরি সম্প্রসারণের কথা জানালে তারা বলেন, 'লাইব্রেরির স্থানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ সম্প্রসারণ করায় লাইব্রেরি ছোট হয়েছে, যেটা শিক্ষার্থীদের জন্য অসুবিধার কারণ।'
এছাড়া শিক্ষার্থীদের অন্যান্য দাবি দাওয়ার মধ্যে লাইব্রেরিতে ইন্টারনেটের গতি বৃদ্ধি, পর্যাপ্ত ফ্যান ও লাইটের সরবরাহ, নামাজের স্থানে কার্পেট লাগানো, লাইব্রেরিতে এসি স্থাপন, ওয়াশরুমের সংকট দূর করাসহ টিস্যু সাবান সরবরাহ, শুক্র-শনিবার লাইব্রেরি খোলা রাখা এবং খোলা রাখার সময় ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি করেন শিক্ষার্থীরা।
জেএন/এমআই

