জবি সমাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রফ্রন্টের আহ্বায়ক তৌকির, সদস্যসচিব সাজু
জবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৮:২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রফ্রন্টের সামাজিক বিজ্ঞান অনুষদের ৮ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তৌকির আহমেদকে আহ্বায়ক এবং একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাজু আহমেদকে সদস্যসচিব নির্বাচন করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) শাখা ছাত্রফ্রন্টের এক সাধারণ সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য পঙ্কজনাথ সূর্যের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন, খাদিজাতুল কুবরা, জুনায়েদ ইসলাম, দীপঙ্কর রায়, খিজির আল সিফাত, নাজিব মাহমুদ এবং জাহিদ হাসান।
আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য পঙ্কজনাথ সূর্য বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী এ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। এই বাস্তবতায় ছাত্র রাজনীতির আদর্শিক ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি ভূমিকা রাখবে বলে আমরা আশা রাখি।’
তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল রক্ষার আন্দোলন, পাঁচ হাজার টাকা উন্নয়ন ফি বাতিলের আন্দোলন, ২৭/৪ ধারা বাতিলের আন্দোলন, খাদিজাতুল কুবরার মুক্তির আন্দোলন, অবন্তিকা হত্যার বিচারের দাবিতে আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানসহ সমস্ত আন্দোলনে আমাদের সংগঠন শিক্ষার্থীদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভয়মুক্ত গণতান্ত্রিক ক্যাম্পাস, শিক্ষার অধিকার ও মনুষ্যত্ব রক্ষার আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা তার ভূমিকা অব্যাহত রাখবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইভান তাহসীবের সভাপতিত্বতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের এ সভা অনুষ্ঠিত হয়।
জান্নাতুন নাইম/এমজে

