৯ দফা দাবিতে ইবি উপাচার্যকে ছাত্রদলের স্মারকলিপি
ইবি প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৩
ছবি : বাংলাদেশের খবর
মেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ ৯ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে উপাচার্যের কার্যালয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুন স্বাক্ষরিত স্মারকলিপিটি জমা দেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
দাবিগুলো হচ্ছে- গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের শাসনামলে বিশ্ববিদ্যালয়ে আওয়ামী প্রশাসন শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও মতামতের প্রাধান্য না দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল ফি তিনগুণ বৃদ্ধি করেছিল। শিক্ষার্থীদের গলার কাঁটায় পরিণত হওয়া তিনগুণ বর্ধিত অতিরিক্ত ফি কমানো, মেধার ভিত্তিতে হলের সিট প্রদান করা, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা সকল স্থাপনার নাম দ্রুত পরিবর্তন করা এবং স্বৈরাচারীর দোসরদের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করা।
এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতাকারী সকল শিক্ষক-কর্মকর্তাদের দ্রুত শান্তির আওতায় নিয়ে আসা, বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগের সুষ্ঠু তদন্ত করে অবৈধ নিয়োগ বাতিল, বিগত সরকারের শাসনামলে সকল প্রকার উন্নয়নমূলক কাজ এবং নির্মাণ সরঞ্জাম ক্রয়ের সুষ্ঠু তদন্ত করা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সীমানা নির্ধারণ করতে হবে, পশ্চিম পার্শ্বে প্রধান ফটক নির্মাণ করতে হবে, ক্যাম্পাস সম্পূর্ণরূপে সিসি ক্যামেরার আওতাভুক্ত করতে হবে এবং জরুরি ভিত্তিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে ইবি ছাত্রদল।
মাসুম শাহরিয়ার/এমবি

