Logo

ক্যাম্পাস

আবারও পেছাল রাবির দ্বাদশ সমাবর্তন

Icon

রাবি প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫০

অ
আবারও পেছাল রাবির দ্বাদশ সমাবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। সমাবর্তনের তারিখ পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তনে অংশগ্রহণেচ্ছু নিবন্ধিত শিক্ষার্থীদের আবেগ ও পারিপার্শ্বিক বিবেচনায় সরকারি পর্যায়ে আলোচনার ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনের তারিখ ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল। নিবন্ধিত শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অংশ বিভিন্ন মাধ্যমে কর্মদিবসে, বিশেষত সপ্তাহের মধ্যভাগে এরূপ আয়োজন না করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি বিবেচনায় নিয়ে সমাবর্তন সংশ্লিষ্ট অতিথিদের সাথে ইতোমধ্যে যোগাযোগ শুরু করা হয়েছে। এ প্রেক্ষাপটে রাবির দ্বাদশ সমাবর্তনের পূর্বঘোষিত তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সমাবর্তনের পরিবর্তিত তারিখ যথাশীঘ্রই সম্ভব নির্ধারণ করে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে।

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে এই সমাবর্তনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু জাতীয় নির্বাচনসহ নানা কারণে সেটা স্থগিত হয়। ২০২৪ সালের জুনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং ২৮ নভেম্বর সমাবর্তনের দিনক্ষণ নির্ধারণ করা হয়। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে দেশের পট পরিবর্তন হলে ফের স্থগিত হয় এই সমাবর্তন। গণঅভ্যুত্থানের পর ১৩ জানুয়ারি ফের নতুন করে ১৭ ফেব্রুয়ারি সমাবর্তনের তারিখ দিলেও সেটাও স্থগিত করে প্রশাসন।

কামরুজ্জামান ফাহাদ/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন