কুবিতে ই-লাইব্রেরি আছে,তবে জানেন না শিক্ষার্থীরা
ইমতিয়াজ রিফাত
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪২
ছবি : সংগৃহীত
বর্তমান বিশ্বে বইয়ের এতো বেশি সংখ্যা যে, তা কোনো একটি নির্দিষ্ট কক্ষে সীমাবদ্ধ করা সম্ভব নয়। তবে ডিজিটালাইজেশনের ফলে অনেক উন্নত প্রযুক্তির সঙ্গে সঙ্গে বইয়ের এ সমস্যার সমাধানের জন্য তৈরি হয়েছে ই-লাইব্রেরি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও আছে একটি ই-লাইব্রেরি। কিন্তু সেটি সম্পর্কে জানেন না বিশ্ববিদ্যালয়ের বেশিভাগ শিক্ষার্থী!
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ই-লাইব্রেরির সম্পর্কে অবগত নন তারা। প্রশাসন এ সম্পর্কে তেমন কোনো প্রচারণা করেনি বলেও দাবি শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ফাইয়াজ লালন বলেন, ‘না, এ সম্পর্কে কিছুই জানতাম না। প্রশাসন থেকেও তো কিছুই জানানো হয়নি।’
বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী নাজিফা তাবাচ্ছুম বলেন, ‘এরকম কিছু আছে তা জানতামই না। আমাদেরকে তো জানানোও হয়েছে বলে মনে হয় না। আপনার থেকেই জানতে পারলাম যে এমন কিছু আছে।’
২০২১-২২ সেশনের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ লিয়ন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের ই-লাইব্রেরি সম্পর্কে আমার কোনো ধারনা নেই। তবে আমার মতে ই-লাইব্রের থাকলে যেকোনো সময় যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক বই পেতে পারব।’
একই সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেহা মীম বলেন, ‘না, আমি এসম্পর্কে কিছুই জানতাম না।’
এ ব্যাপারে নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী ফাহিমা সুলতানা রাতুয়া বলেন, ‘আমাদের যে ই- লাইব্রেরি আছে সেটা জানতাম না, জানতে পারলে এটির ব্যবহার আমরা করতে পারতাম। বাসায় বসে ফোনে বিভিন্ন বই পড়তে পারলে ভালো হতো।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির ডেপুটি লাইব্রেরিয়ান মো. মুহিউদ্দীন আলম বলেন, ‘আমাদের এই ই-লাইব্রেরির সিস্টেমটা কিছুদিন একটু সমস্যার কারণে বন্ধ ছিল। কিন্তু বেশ কিছুদিন হয়েছে এটি চলছে। শিক্ষার্থীরা চাইলেই যথাযথ উপায়ে সাইটে গিয়ে ই-লাইব্রেরির সুযোগ-সুবিধা নিতে পারবে। আমাদের লাইব্রেরিতে যে কম্পিউটারগুলো আছে, সেগুলো থেকে তারা চাইলেই এই সুবিধা নিতে পারবে।’
ই-লাইব্রেরির এক্সেসের বিষয় তিনি বলেন, ‘তারা নিজেদের ডিভাইসে ই-লাইব্রেরির সুবিধা নিতে হলে www.openathens.net এই সাইটে গিয়ে login ক্লিক করবে। পরবর্তীতে login to MyAthens অপশনে ক্লিক করে নিজের প্রতিষ্ঠানের নাম খোঁজার জায়গায় বিশ্ববিদ্যালয়ের নাম লিখে Comilla University সিলেক্ট করবে। পরবর্তী পেইজে তাদের কাছে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড চাওয়া হবে। সেখানে তারা User ID এর জায়গায় coue-resource এবং Password এর মধ্যে cou.library2006 লিখে লগইন বাটনে ক্লিক করলেই ই-লাইব্রেরির সাইটে লগইন করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ই-লাইব্রেরির মাঝে বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস, টেইলর এন্ড ফ্রেঞ্চিস, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রেসের মতো বেশ কয়েকটি প্রথম সারির পাব্লিকেশন আছে। আমরা প্রয়োজনে আরও সংযোজন করব।’
এটিআর/

