ঢাবিতে শহীদ আবু বকরের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ঢাবি প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী শহীদ আবু বকর সিদ্দিকের ১৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ‘শহীদ আবু বকর স্মৃতি সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের’ উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর ঢাবির স্যার এ এফ রহমান হল মসজিদে প্রথমবারের মতো শহীদ আবু বকরের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস. এম. ফরহাদ বলেন, আবু বকরের স্মৃতিতে দোয়া মাহফিল ছাত্র সংগঠনগুলোর জন্য সতর্কবার্তা। অপকর্ম যেই করুক বিচার হবেই।
স্যার এ. এফ. রহমান হলের প্রভোস্ট মাহফুজুল হক সুপন বলেন, অপরাজনীতির ভয়াবহতা ও আবু বকরের মতো নির্দলীয় কেউ যেন হত্যার শিকার না হয় সে দিকে গুরুত্বারোপ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, আমরা আবু বকর হত্যার বিচার নিশ্চিত করার জন্য পদক্ষেপ ইতোমধ্যেই নিয়েছি এবং ন্যায়বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ।
শহীদ আবু বকর স্মৃতি সংসদের মুখ্য সংগঠক জয়েন উদ্দিন সরকার তিনটি দাবি উত্থাপন করেন। এগুলো হলো- আবু বকর হত্যার বিচার অতিদ্রুত নিষ্পত্তি করতে হবে; আবু বকরের স্মৃতি রক্ষার্থে ম্যুরাল স্থাপন করতে হবে এবং হল অডিটোরিয়ামের নামকরণ শহীদ আবু বকরের নামে করতে হবে।
ঢাকা বিশ্বদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত আসতে পারেননি।
অনুষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন- প্রক্টর ড. সাইফুদ্দিন আহমদ, স্যার এ. এফ. রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মাহফুজুল হক সুপন, আবু বকরের ছোট ভাই ওমর ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস. এম. ফরহাদ, শহীদ আবু বকর স্মৃতি সংসদের মুখ্য সংগঠক জয়েন উদ্দিন সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক এবি জুবাইর, ছাত্র সংগঠক ও এক্টিভিস্ট আকরাম হোসেন সিএফ প্রমুখ।
উল্লেখ্য, ২০১০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে বর্তমান নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের তৎকালীন হল সভাপতি (সাইদুজ্জামান ফারুক) গ্রুপ ও সাধারণ সম্পাদক (মেহেদী হাসান মোল্লা) গ্রুপের হল দখল নিয়ে সংঘর্ষের জেরে মাথায় গুলিবিদ্ধ হয়ে ৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন হলের ৪০৪নং রুমের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবু বকর।
ওএফ

