Logo

ক্যাম্পাস

ইবিতে প্রক্টরের ওপর হামলা, বিচার দাবিতে প্রশাসন ভবন অবরোধ

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৪

অ
ইবিতে প্রক্টরের ওপর হামলা, বিচার দাবিতে প্রশাসন ভবন অবরোধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানের ওপর হামলার বিচার দাবিতে প্রশাসন ভবন অবরোধ করে আন্দোলন করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে প্রশাসন ভবনের ফটকে তালা ঝুলিয়ে অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন তারা।

এ সময় শিক্ষার্থীরা, ‘প্রক্টর স্যার আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেও গুড়িয়ে দেও’, ‘শিক্ষকের অপমান, সইবে নারে ইবিয়ান’ ইত্যাদি স্লোগান দেন।

পরে বেলা সাড়ে ১২টার দিকে ফটক ছেড়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর নিকট ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাহিনুজ্জামান উপর উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত হামলা করা হয়েছে৷

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসে সিট নিয়ে বিরোধের জেরে শনিবার মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীর মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানসহ অন্তত পাঁচজন শিক্ষক-শিক্ষার্থী আহত হন। 

মাসুম শাহরিয়ার/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন