জাবিতে চলছে দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা, আসন প্রতি শিক্ষার্থী ২৮৯
জাবি প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের শেষ চার শিফট (ছেলে) ও আইবিএ-জেইউ-এর ভর্তি পরীক্ষা চলবে।
সকাল ৯টায় প্রথম পালায় ছাত্রদের পরীক্ষার মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের ভর্তিযুদ্ধ। এ বছর ডি ইউনিটে মোট ৯ শিফটে পরীক্ষা হচ্ছে। রোববার প্রথম দিন পাঁচ পালায় ছাত্রীদের পরীক্ষা হয়েছে। সোমবার চার পালায় ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া ৫ম শিফটে আইবিএ-জেইউ-এর (ছেলে-মেয়ে উভয়) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে মোট ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৬ হাজার ৭৬৮ জন। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ২৮৯ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। এর মধ্যে ৪৭ হাজার ৬৯১ জন নারী শিক্ষার্থী ও ৩৯ হাজার ৬৪ জন ছেলে শিক্ষার্থী।
এর আগে, রোববার প্রথম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডিন অফিসের তথ্যমতে, জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ছাত্রীদের মোট আসন সংখ্যা ১৫৫টি। উপস্থিতির হার ছিল ৮২ শতাংশ।
এমজে

