চেয়ারম্যানকে পুনর্বহালের দাবি
ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগে তালা
ঢাবি প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অব্যহতি দেওয়া চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমকে স্বপদে পুনর্বহালের দাবিতে বিভাগের কক্ষগুলোতে তালা লাগিয়ে দিয়েছে ঐ বিভাগের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জাপানিজ স্টাডিজ বিভাগে সরজমিনে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষ, শিক্ষকদের কক্ষ, অফিসকক্ষসহ সকল কক্ষে তালা লাগানো। এ ছাড়াও, দরজায় পোস্টার সেঁটে দিয়েছেন শিক্ষার্থীরা। পোস্টারে লেখা, ‘জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো জাহাঙ্গীর আলমকে তার স্বপদে পুনর্বহাল না করা অবধি “টোটাল শাটডাউন” কর্মসূচি অব্যাহত থাকবে।’
জানা গেছে, আজ জাপানিজ স্টাডিজ বিভাগের ৫টি রানিং ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিক্রমে পূর্ববর্তী কর্মসূচির সাথে সংহতি জানিয়ে তালা লাগিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি জাপানিজ স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম স্যারের নামে প্রফেশনাল মাস্টার্সে পরীক্ষা ছাড়া ছাত্রলীগ কর্মীকে ভর্তির অভিযোগে তাকে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অপসারণ করা হয়।
এক শিক্ষার্থী বলেন, এই অভিযোগের প্রতিবাদে গত ০৯ ফেব্রুয়ারি ডিপার্টমেন্টের ৯০ শতাংশের বেশি রানিং শিক্ষার্থীদের সিগনেচারসহ ভিসি বরাবর স্মারকলিপি জমা দেই। পরবর্তীতে প্রশাসন থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
ঢাবি প্রশাসন থেকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসা পর্যন্ত আমাদের কমপ্লিট শাটডাউন (সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম) কর্মসূচি চলমান থাকবে বলে জানান শিক্ষার্থীরা।
জাপানি স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোহেল বলেন, মিমাংসিত একটি বিষয় ষড়যন্ত্রমূলকভাবে পুনরায় সামনে আনা হয়েছে। চেয়ারম্যানকে পুনর্বহাল না করা অবধি আন্দোলন চালবে। আগামী রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা। পুনর্বহালের সিদ্ধান্ত না আসলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ওএফ

