জাবি ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মামলা, আসামি ৩ শতাধিক
জাবি প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গত জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৭২জন নেতাকর্মীর নামে মামলা করেছে জবি ছাত্রদল। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও তিন শতাধিক।
বুধবার (১২ ফেব্রুয়ারি) আশুলিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, গত ১৪ জুলাই রাত ৯টা থেকে ১৬ জুলাই ভোর ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের আটক, মারধর এবং হুমকির ঘটনায় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন।
মামলার অভিযোগকারী জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফেরদৌস রহমান জানান, অভিযুক্তরা শিক্ষার্থীদের ভয় দেখানোর জন্য ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং তাদের ওপর শারীরিক আক্রমণ চালিয়েছে।
জাবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শিক্ষার্থী নির্যাতনবিষয়ক তথ্য প্রমাণ সংগ্রহ সেলের প্রধান মো. আফফান আলী বলেন, ‘জুলাই আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও প্রশাসনের সম্মিলিত বর্বর হামলায় সাধারণ ছাত্রছাত্রী, সাংবাদিক এবং শিক্ষকদের মারাত্মক আহত করা হয়।’
‘এই হামলায় যুক্ত প্রত্যেক সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল বদ্ধপরিকর। তারই প্রেক্ষাপটে জাবি ছাত্রদল জুলাই আন্দোলনে হামলাকারীদের নামে মামলা করে। আমরা আশা করি প্রশাসন ও নির্যাতিতরা মামলার জন্য প্রস্তুতি নিয়ে নিষিদ্ধ সংগঠনটির সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করতে ভূমিকা নেবেন।’
আমানউল্লাহ খান/এটিআর

