জবির সিঁড়ি থেকে পড়ে ভর্তিপরীক্ষার্থী আহত
সহযোগিতায় বিএনসিসি সদস্য
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহিদ সাজিদ ভবনের বিল্ডিং থেকে নামার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হন নুরে সাবা নামের এক ভর্তিচ্ছু। এ সময় আহত সাবাকে কাঁধে তুলে নেন বিএনসিসির দায়িত্বপ্রাপ্ত সদস্য নাদিয়া। পৌঁছে দেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও আইন অনুষদ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার দিন এ ঘটনা ঘটে।
শুধু সাবার ক্ষেত্রেই নয়, ভর্তিচ্ছু সব পরীক্ষার্থীর যেকোনো সমস্যার সমাধানে এভাবে এগিয়ে যাচ্ছে বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটের সদস্যরা। কেউ দেরিতে কেন্দ্রে আসা শিক্ষার্থীদের হলে পৌঁছে দিতে দৌড়ান, কেউ আবার দেখিয়ে দিচ্ছেন রুম নম্বর ও বিল্ডিং।
বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী এসব সামাজিক সংগঠনের ভূমিকায় কৃতজ্ঞতা জানান আহত ভর্তিচ্ছু শিক্ষার্থী নুরে সাবা। তিনি বলেন, বিল্ডিং থেকে নামার সময় সিঁড়ি থেকে পড়ে যাই। পায়ে অনেক বেশি আঘাত লেগেছে, ঠিকমতো হাঁটতে পারছিলাম না। হাঁটতে কষ্ট হচ্ছিল। বিএনসিসির আপুরা কাঁধে করে নিয়ে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা পেয়েছি। বাকি চিকিৎসা পরে নেবো।
বিএনসিসির দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থী নাদিয়া বলেন, সাজিদ ভবনের বিল্ডিং থেকে নামার সময় সিঁড়ি থেকে পড়ে যায় সাবা। আমরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে এসেছি। পায়ে আঘাত লেগে অনেকটা ফুলে গেছে। আঘাত খুব বেশি গুরুতর কি না, তা বোঝা যাচ্ছে না।
জবির বিএনসিসি ক্যাডেট ইনচার্জ সার্জেন্ট তৌফিক হোসেন বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি শিক্ষার্থীদের পাশে থাকার। সব ক্যাডেট অক্লান্ত পরিশ্রম করছে। সবাইকে সাহায্য করতে পেরে আমরা আনন্দিত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, আমাদের বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটের সদস্যরা সবাই সুন্দরভাবে দায়িত্ব পালন করছে। সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
জেএন/এমএইচএস

