সাময়িক বহিষ্কার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষক
রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকার ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলামকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনীক কৃষ্ণ কর্মকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের আনীত অভিযোগ তদন্তের জন্য গঠিত কমিটির রিপোর্টের প্রেক্ষিতে ৬ ফেব্রুয়ারি থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আর আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলামের বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীদের আনীত যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগসমূহ সম্পর্কে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটির রিপোর্টের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আগে গৃহীত সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
এছাড়া রিপোর্টে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাক্ট, ১৯৭৩ এর ৫৫(৩) ধারার আওতায় হওয়ায় বিধি অনুযায়ী চার্জ গঠন ও চূড়ান্ত শাস্তি প্রদানের জন্য পৃথক পৃথক ইনকোয়ারি কমিটিও গঠন করা হয়েছে।
- কামরুজ্জামান ফাহাদ/ওএফ

