Logo

ক্যাম্পাস

কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৪

অ
কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে একটি সমাবেশ করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। 

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখা, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ ও আধিপত্যবাদ বিরোধী মঞ্চের নেতা-কর্মীরাও অংশগ্রহণ করেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসানের সঞ্চালনায় গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, অভ্যুত্থানের মাত্র সাত মাসের মাথায় একটি ক্ষমতালোভী দল ক্যম্পাসে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে। তারা পেশিশক্তির রাজনীতি চর্চা করার জন্য কুয়েট ক্যাম্পাসে তাদের ক্ষমতার প্রথম ধাপ আজকে মানুষের সামনে উপস্থাপন করেছে।

তিনি তখন হুশিয়ারি দিয়ে আরও বলেন, সাত মাস আগের ইতিহাস কিন্তু খুব বেশিদিন আগের ইতিহাস নয়। আপনারা যদি আপনাদের এমন ঘৃণিত রাজনৈতিক কর্মকাণ্ড চালু রাখেন তাহলে লীগের মতো ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে আমরা বিন্দুমাত্র সময় নিবো না। 

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সদস্য সচিব তৌহিদ সিয়াম বলেন, জুলাই পার হওয়ার এক বছর যাওয়ার আগেই একটি দল ক্ষমতায় যাওয়ার আগে যে ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চর্চা করা শুরু করেছে তা থেকে আমরা আভাস পাই তারা যদি ক্ষমতায় যায় তারা কতটা ভয়ানক হয়ে উঠতে পারে। দুই হাজার নিহত, আহত ও পঙ্গুত্ব বরণকারী শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে কেউ এসে শিক্ষার্থীদের উপর হামলা করবে সেটা দেখার জন্য শিক্ষার্থীরা আত্মত্যাগ করেনি। 

আমানউল্লাহ খান/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন