কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৯
ছবি : বাংলাদেশের খবর
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনগুলো প্রতিবাদ জানিয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে সংগঠনগুলো পৃথক পৃথক কর্মসূচিতে এ হামলার প্রতিবাদ করে।
সংগঠনগুলোর সদস্যরা কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেন। তারা বলেন, ৫ আগস্টের পর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের জন্য আন্দোলনে যে হামলা চালানো হয়েছে তা ছাত্রলীগের জায়গা দখল করছে। ক্যাম্পাসগুলোতে আবার ছাত্রলীগের ন্যায় কর্মকাণ্ড দেখতে চান না তারা। জুলাইয়ে এক সঙ্গে লড়াই করা শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ করেন তারা। একইসঙ্গে যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিচার দাবি করেন।
কুয়েট শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফোরাম। বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা।
কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদল সন্ত্রাসীদের বর্বর হামলার প্রতিবাদে তিন দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি।
এদিকে কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। দুপুরে পুরো ক্যাম্পাস ঘুরে মৌন মিছিল করেন তারা।
প্রসঙ্গত, গতকাল ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে।
জেএন/এমআই

