Logo

ক্যাম্পাস

এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬

অ
এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসের কক্ষে এক শিক্ষার্থীকে লোহার রড দিয়ে মারধরের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টায় কুবিতে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই’, ‘হুশিয়ার সাবধান, ছাত্রদলের সন্ত্রাসীরা’, ‘শিবিরের সন্ত্রাসীরা, হুশিয়ার সাবধান’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। 

এ সময় গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হান্নান রহিম বলেন, সিলেটে এমসি কলেজের শিক্ষার্থীর উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একদিন খুলনায়, একদিন সিলেটে— ছাত্রদল এবং ছাত্র শিবিরের পাল্টাপাল্টি হামলা কোনোভাবেই কাম্য নয়। কে ছাত্রদল, কে ছাত্র শিবির, কে বাম এবং কে ডান— এসব দেখার সময় নেই। যে অন্যায় করবে তাকে বিচারের আওতায় আনতে হবে।

উল্লেখ্য, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) এমসি কলেজ ছাত্রাবাসের কক্ষে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।

  • ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন