Logo

ক্যাম্পাস

জবির ক্যারিয়ার মেলায় চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ পাবে ২০০ শিক্ষার্থী

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১০

অ
জবির ক্যারিয়ার মেলায় চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ পাবে ২০০ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় ক্যারিয়ার মেলা ‘জব জংশন-২০২৫’। মেলায় দেশের শীর্ষস্থানীয় ৩৫টিরও বেশি কোম্পানিতে প্রায় ২০০টি চাকরি ও ইন্টার্নশিপের আবেদন করার সুযোগ পাবেন নবীন স্নাতক ও তরুণ পেশাদাররা। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এ মেলার উদ্বোধন করেন।

মেলার প্রথম দিনে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধির কৌশল এবং চাকরির বাজারে নিজেদের উপস্থাপনের ওপর কয়েকটি সেমিনার অনুষ্ঠিত হয়। এসব সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন এবং ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক ড. কে এ এম রিফাত হাসান। এ ছাড়া প্রধান মডারেটর হিসেবে ছিলেন মো. শফিকুল ইসলাম এবং মডারেটর হিসেবে ছিলেন মো. আল আমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, এ ধরনের আয়োজন গ্রাজুয়েটদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিক্ষার্থীরা চাকরির বাজার সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করবে এবং নিজেদের প্রস্তুত করতে পারবে।

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহরিয়ার হোসাইন ইমন বলেন, ক্যরিয়ার মেলায় ৩৫টি কোম্পানিতে স্নাতক ও তরুণ পেশাদারদের সিভি জমা নেওয়া হবে। সেখানে সিভি ভালো হলে চাকরির সুযোগ পাবেন ২০০ জন প্রার্থী।

জান্নাতুন নাইম/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন