Logo

রাজধানী

ভয়াবহ চুরি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ যমুনা ফিউচার পার্ক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৩২

অ

রাজধানীর যমুনা ফিউচার পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

শনিবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মার্কেটের প্রবেশমুখে এ ঘোষণা স্পিকারে প্রচার করা হয়। রেকর্ডকৃত ঘোষণায় ১০ মিনিটের মধ্যে সকলকে মার্কেট ছেড়ে যাওয়ার জন্য বলা হয়। 

যমুনা ফিউচার পার্কের দোকানকর্মী সূত্রে জানা যায়, কয়েকটি মোবাইলের দোকানে তালা কেটে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। এতে কোটি টাকার ওপরে মালামাল চুরি গেছে। এ ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা ইস্যুতে ভেতরে অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এরপর মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। 

নাম প্রকাশ না করার শর্তে একজন দোকান মালিক বাংলাদেশের খবরকে জানান, চারটি দোকানে তালা কেটে চুরির ঘটনা ঘটেছে৷ এতে অন্তত তিন কোটি টাকার ওপরে মালামাল খোয়া গেছে। তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ বিষয়ে সুরাহা হওয়ার আগ পর্যন্ত তিনি তার দোকানের কর্মীদেরকে মার্কেট এলাকা ত্যাগ না করার জন্য বলেছেন। 

সরেজমিনে দেখা যায়, মার্কেট ছেড়ে দোকান মালিক, কর্মী ও ক্রেতারা বের হচ্ছেন। এতে যমুনা  ফিউচার পার্কের গেটে ভিড় তৈরি হয়েছে৷ অনবরত যানজট লেগে থাকা সড়কে যানচলাচল আরও ধীর হয়ে গেছে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত মার্কেট বন্ধের কারণ ও চুরির ঘটনা সম্পর্কে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। 

এইচকে/এমআই/এমএইচএস/এনআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন