ডেমরায় গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১৫:০৯
রাজধানীর ডেমরা থেকে ১৭ বছর বয়সী গার্মেন্টস কর্মী স্বর্ণা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডেমরা কোনাপাড়া পার ডগাইর শাহজালাল রোডের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীদের সহায়তায় পুলিশ দরজার লক ভেঙে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় ছিল।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
মৃতার বড় বোন বন্যা আক্তার জানান, তার বোন স্বর্ণা গার্মেন্টেসে কাজ করতেন। স্বামী রাহাতুল হাসান রাহাত একটি কাপড়ের দোকানে কাজ করতেন। দেড় বছর আগে প্রেম করে তারা বিয়ে করেন। পারিবারিক অশান্তি ছিল।
বন্যা অভিযোগ করেন, রাহাত বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা-পয়সা দাবি করতেন। সম্প্রতি মোটরসাইকেল কেনার জন্য চাপ প্রয়োগ করতেন। এই নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
বন্যা আক্তার বলেন, ‘আমার বোনের মৃত্যুতে আমি নিশ্চিত যে, স্বামীর মানসিক নির্যাতনই তার মৃত্যুর কারণ।’ তিনি এই মৃত্যুর জন্য বিচার দাবি করেছেন।
স্বর্ণা আক্তারের বাড়ি বরগুনা সদর উপজেলার বালিয়াতলা গ্রামে।
- এআই/এমজে

