রাজধানীর গুলশান ২ নম্বরের একটি বাসায় ভাঙচুর ও লুটতরাজের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে (৫ মার্চ) ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, জুয়েল খন্দকার, তার ছেলে শাকিল খন্দকার এবং তাদের সঙ্গী শাকিল আহম্মেদ।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় ‘তল্লাশি’ করার নামে হামলা চালানো হয় এবং লুটপাট করা হয়। পরে বাসার নিরাপত্তাকর্মী আব্দুল মান্নান থানায় মামলা করেন।
মোকলেসুর রহমান আরও জানান, ‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গলার চেইন ও পায়েল উদ্ধার করা হয়েছে।’ তিনি বলেন, ‘বাড়িটির মালিক তানভীর ইমামের সাবেক স্ত্রী। ২০-২৫ বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। কিছু লোক অভিযোগ করে বাসায় টাকা ও অস্ত্র রয়েছে, এই অভিযোগে তারা মিছিল দিয়ে বাড়িটিতে ঢুকে পড়ে এবং তল্লাশি চালায়। তবে কিছুই পাওয়া যায়নি।’
প্রসঙ্গত, মঙ্গলবার মধ্যরাতে গুলশান-২ এ শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাড়ির সামনে বিপুলসংখ্যক লোক জড়ো হয়। পরে তারা বাসায় ঢুকে তল্লাশি চালায় এবং বাসার বিভিন্ন কক্ষ তছনছ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ‘আওয়ামী লীগের দালাল’ স্লোগান দিয়ে কিছু লোক বাসার দরজা ভেঙে প্রবেশ করছে এবং আলমারি, জুতার বাক্স ও বিছানাপত্র তছনছ করছে। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেন নি।
এনএমএম/এটিআর

