তাজরীন ট্রাজেডি : নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৮
তাজরীন ট্রাজেডির ১২ বছর পূর্তি উপলক্ষে ১১৩ জন নিহত শ্রমিক স্মরণে মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরিন ফ্যাশনের সামনে শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
মোমবাতি প্রজ্বালনে ক্ষতিগ্রস্ত ভবন ভেঙে আহত শ্রমিকদের বাসস্থান নির্মাণ, ন্যায্য ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও কর্মসংস্থানসহ মালিকের শাস্তির দাবি জানানো হয়।
এ সময় বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহাবুবুর রহমান ঈসমাইলসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১২ সালে ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তোবা গ্রুপের তাজরীন ফ্যাশন লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১১৩ জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। অনেকে জীবন বাঁচাতে লাফ দিয়ে পড়ে পঙ্গু হন। বাংলাদেশের ইতিহাসে পোশাক তৈরি কারখানায় অগ্নিকাণ্ডে একসঙ্গে এত শ্রমিক হতাহতের ঘটনা আগে ঘটেনি। ফলে এ-দিন রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক পালনের পাশাপাশি সারা দেশের পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এইচবি/এমইউ

