ট্রাফিক আইন না মানলে ফৌজদারি আইনে ব্যবস্থা : ডিএমপি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৮:০৭
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
যত্রতত্র দাবি আদায়ের আন্দোলনে সৃষ্ট যানজটে যখন স্থবির জনজীবন, ঠিক তখনই বেপরোয়া হয়ে উঠেছেন সরকারি যানবাহনের চালকরা। ট্রাফিক আইন অমান্য করে যাচ্ছেন তারা।
ট্রাফিক পুলিশ সদস্যদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের মর্জিমাফিক রাস্তায় চলছেন তারা। সরকারি চালকদের কাছে উল্টো পথে চলাচল, সিগন্যাল অমান্য ও যত্রতত্র পার্কিং তাদের কাছে যেন স্বাভাবিক ব্যাপার। তবে তাদের বেপরোয়া এমন আচরণে আর ছাড় দিবে না ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (৫ মার্চ) রাতে ডিএমপি কমিশনার সাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি যানবাহন চালকদের এমন কর্মকাণ্ডে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ডিএমপির ট্রাফিক সদস্যদের। যে কারণে ট্রাফিক আইনে নয়, বাধ্য হয়ে ফৌজদারি ব্যবস্থাও গ্রহণ করতে হচ্ছে তাদের বিরুদ্ধে। তাদের দেখাদেখি অন্য যানবাহনের চালকরাও ট্রাফিক আইন ভঙ্গে উৎসাহিত হচ্ছেন। যে কারণে ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ট্রাফিক বিভাগকে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধু তাই নয়, ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের বিরুদ্ধে ট্রাফিক আইন অমান্য করলেই আইনি ব্যবস্থা গ্রহণের সময়ও দুর্ব্যবহার করছেন তারা। যে কারণে তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে।
সরকারি যানবাহনের চালকদের ট্রাফিক আইন মানার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, যদি সরকারি যানবাহনের কোনো চালক ট্রাফিক আইন ভঙ্গ করে তাহলে তাদের বিরুদ্ধেও ২০১৮ সালের সড়ক পরিবহণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা মহানগরীতে যান চলাচল স্বাভাবিক রাখতে সকল সরকারি সংস্থার কর্মকর্তা ও যানবাহন চালকদের সহযোগিতা চান তিনি।
এনএমএম/এমআই

