Logo

রাজধানী

রাজধানীর বিভিন্ন সড়কে রিকশাচালকদের অবরোধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১৬

অ


রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা।

রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, মিরপুরসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। তাদের দাবি, মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের সুযোগ দিতে হবে।  

রাজধানীর বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্যমতে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশার চালকরা কাজলার দিক থেকে মিছিল নিয়ে যাত্রাবাড়ী মোড়ে আসেন। এরপর তারা মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তির সৃষ্টি হয়। 

একইভাবে সকাল থেকে মোহাম্মদপুর সড়ক অবরোধ করে রিকশাচালকরা বিক্ষোভ করছেন। এতে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে। অপরদিকে, বেলা ১১টায় মিরপুরের কাজীপাড়া এলাকায় ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল হয়। এ সময় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। 

এদিকে, ১১ দফা দাবিতে বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় জড়ো হয়েছেন হাজারো ব্যাটারিচালিত রিকশাচালক। ফলে পল্টন-প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই পথে বাসে আটকে থাকা যাত্রীরা। 

ডিএমপির ওয়ারী ট্রাফিক বিভাগের (যাত্রাবাড়ী) সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আখতারুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘সার্বিক পরিস্থিত নিয়ন্ত্রণে সেখানে পুলিশ সদস্যরা রয়েছেন। আমরা শান্তিপূর্ণ পরিস্থিত বজায় রাখার চেষ্টা করছি। যাতে জানমালের কোনো ক্ষতি না হয়।’

চালকদের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, ‘পাশাপাশি আমরা তাদরে সঙ্গে আলাপ-আলোচনা করছি, যাতে তারা সড়ক ছেড়ে দেন এবং যান চলাচল শুরু হয়ে জনগণের ভোগান্তি কমে।’

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান গণমাধ্যমকে বলেন, ‘হঠাৎ সকাল সাড়ে ১০টা দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ চার রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকায় অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেন। এতে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দিয়েছিলেন। এতে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

ডিআর/এমইউ/এনআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন