বায়তুল মোকাররমে নিষিদ্ধ হিযবুত তাহরীরের কর্মসূচি
কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৪:০৭
সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিন আড়ালে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সংগঠনটির পক্ষ থেকে আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মুকাররম মসজিদের উত্তর গেটে মার্চ ফর খিলাফা কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
সংগঠনটির এই ঘোষণায় আজ শুক্রবার (৭ মার্চ) সকাল থেকেই বায়তুল মুকাররম মসজিদের উত্তর গেট এলাকায় অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য। এর মধ্যে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব রয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বাংলাদেশের খবরকে বলেন, হিজবুত তাহরীরের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।
তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। এর আওতায় হিযবুত তাহরীরের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা প্রচারের যেকোনো প্রচেষ্টা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে। যে কারণে তাদের কর্মসূচি প্রতিহত করতেই বায়তুল মুকাররম মসজিদ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে নেয়া হয়েছে।
এর আগে, গতকাল রাতে উত্তরার ১১ ও ১২ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে সংগঠনটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। গ্রেপ্তারকৃতরা হলেন, মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)।
এনএমএম/ওএফ

