Logo

রাজধানী

রাজধানীজুড়ে পুলিশের ৬৬৭ টহল টিম, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮৮

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৯:০৯

অ
রাজধানীজুড়ে পুলিশের ৬৬৭ টহল টিম, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৮৮

ছবি : সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় জোরদার করা হয়েছে পুলিশি কার্যক্রম। ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০টি থানা এলাকায় ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করেছে বলে জানানো হয়েছে।

শুক্রবার (৭মার্চ) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়িয়েছে।’

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের তথ্য জানিয়ে তিনি বলেন, ‘বৃহস্পতিবার (৬ মার্চ) ২৪ ঘণ্টায় ডিএমপির ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।’

গ্রেপ্তারদের তথ্য জানিয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৮৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছে ৬ জন ডাকাত, ২২ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৪ জন চাঁদাবাজ, ৭ জন চোর, ২০ জন চিহ্নিত মাদক কারবারি, ৩০ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধীরা।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি পিস্তলের ম্যাগজিন, তিনটি চাইনিজ কুড়াল, দুটি চাকু, একটি হ্যাকসো ব্লেড, একটি সার্কিট ব্রেকার, তিনটি চাবি, একটি চাবির রিং, একটি ব্যাগ, তিনটি মোবাইল ফোন ও নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৬৩ কেজি ৫৭০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৭টি মামলা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন