মাগুরার সেই শিশুটি লাইফ সাপোর্টে, মেডিকেল বোর্ড গঠন
ঢামেক প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১৪:১০
মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মৃত্যুর সঙ্গে লড়াই করছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় শুক্রবার (৭ মার্চ) রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এদিকে শিশুটির চিকিৎসার জন্য ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
তিনি জানান, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা খুবই সঙ্কটাপন্ন। শিশুটির গলার আঘাত বেশি গুরুতর। তাকে হত্যাচেষ্টার সময়ে গলায় যে ইঞ্জুরি হয়েছে, সেটার জন্য তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা হচ্ছে। শরীরে জ্বর আছে এবং নিউমোনিয়ার আশঙ্কাও রয়েছে। এ ছাড়া যৌনাঙ্গে ক্ষত রয়েছে। লাইফ সাপোর্টে রেখে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।
পুলিশ জানায়, গত বুধবার (৬ মার্চ) মাগুরা সদর উপজেলার নান্দুয়ালী মাঠপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। এ ঘটনায় প্রধান অভিযুক্ত শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ এবং তার ছেলে (শিশুর দুলাভাই) সজিব শেখকে আটক করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, স্কুলে রোজার ছুটি থাকায় ঘটনার পাঁচদিন আগে শিশুটি বোনের বাড়ি বেড়াতে আসে। ঘটনার দিন সকালে ঘরে একা পেয়ে হিটু শেখ তাকে ধর্ষণ করে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটি কান্নাকাটি শুরু করলে তার বোন বিষয়টি জানতে পারেন। এরপর দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে বৃহস্পতিবার রাতে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডিআর/এটিআর/এআইবি

