রাজধানীর ওয়ারীতে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে আনোয়ারা বেগম (৫৯) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুর দেড়টার দিকে ওয়ারীর চন্দ্র মোহন বসাক স্ট্রিট লেনের একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সেলিম হোসেন জানান, তার মা কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। তিনি ধারণা করছেন, দুপুরে হয়তো ছাদে কাপড় নাড়তে গিয়ে মাথা ঘুরে নিচে পড়ে যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আনোয়ারা বেগম ওয়ারীর চন্দ্র মোহন বসাক স্ট্রিট লেনের স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি স্বামী আব্দুস সালামের সঙ্গে ওই ভবনের পঞ্চম তলায় ভাড়া বাসায় বসবাস করতেন।
এআই/এমএইচএস

