Logo

রাজধানী

নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০০:২৪

অ
নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ), ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।  

এনজেএফের সাধারণ সম্পাদক এস এম ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাব উদ্দিন, সমাজসেবক কবির আহমেদ ভূঁইয়া, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক সময় মুরাদ এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি নুর উদ্দিন।  

অনুষ্ঠানে বক্তারা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন তারা সুষ্ঠু নির্বাচন চায়। দেশে অপরাধ বেড়ে গেছে, আইনশৃঙ্খলা বাহিনী অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে পরিস্থিতি স্বাভাবিক হবে।  

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সরকার ব্যর্থ হলে দেশও ব্যর্থ হবে। জবাবদিহিতা না থাকায় আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। তাই জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া জরুরি।  

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ নোয়াখালীর উন্নয়নে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নোয়াখালীকে দেশের অন্যতম সেরা জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।  

অনুষ্ঠানে বক্তারা নোয়াখালীর সমস্যা ও সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে এনজেএফের ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, সংগঠনটি নোয়াখালীর সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রাকে দেশব্যাপী তুলে ধরতে কাজ করবে।  

ইফতার-পরবর্তী আলোচনায় বিশিষ্টজনেরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং নোয়াখালীর উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, সংগঠনকে আরও গতিশীল করতে নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন