হাসিনার চিকিৎসকের মেয়েকে ঘিরে বিএমইউতে উত্তেজনা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৬:৩৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সহযোগী অধ্যাপক অনিন্দিতা দত্তকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখা হয়েছে, যিনি বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের এমপি অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মেয়ে। ডা. অনিন্দিতাকে আটক ঘিরে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। অধ্যাপক প্রাণ গোপাল দত্ত শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন।
রোববার (১৬ মার্চ) দুপুর থেকে সকাল থেকে ছাত্র-জনতা অনিন্দিতা দত্তকে ক্যান্সার ভবনে তার কার্যালয়ে আটকে রেখেছেন।
এ বিষয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ বলেন, প্রাণ গোপাল স্যারের মেয়ে এখানে চাকরি করেন। তাকে এখানে আটক করা হয়েছে। কারা যেন মিডিয়াও নিয়ে এসেছে।আমরাও উনার সঙ্গে বন্দি হয়ে আছি এখানে। ঘটনাস্থলে সেনাবাহিনীও এসেছে।
ডা. অনিন্দিতা দত্ত বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক। বিভাগটি বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে, ক্যান্সার ভবনে।তার বাবা ডা. প্রাণ গোপাল ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তৎকালীন বিএসএমএমইউর উপাচার্য ছিলেন। ২০২১ সালে তিনি কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।
উল্লেখ্য, ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর প্রাণ গোপাল দত্তের বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লায় কয়েকটি মামলা হয়েছে। সেসব মামলায় আসামি করা হয়েছে অনিন্দিতা দত্তকেও। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে পতনের পর থেকে অনিন্দিতা বিশ্ববিদ্যালয়ে আসছিলেন না। দুদিন ধরে তিনি আসা শুরু করেছেন।
এসআইবি/এমএইচএস

