রাজধানীতে আওয়ামী লীগের সমর্থনে মিছিল, আটক ৩
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ২৩:১১
রাজধানীর ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল চলাকালে তিনজনকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য।
শুক্রবার (২১ মার্চ) ইফতারের পর ধানমন্ডির ২৭ নম্বর সড়কে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে স্থানীয়রা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। মারধর করার পর তাদের মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবনী (৩৫)। এছাড়াও আটক হয়েছেন সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
মিছিলটি নাহিদ উজ জামান নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ সম্প্রচার করা হয়। একই সাথে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা স্লোগান দিতে থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলের সময় জয় বাংলার স্লোগান ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার নানা স্লোগান শুনলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তারা মিছিলটিকে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে ও তাদের মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জেসি/ওএফ

