Logo

রাজধানী

সংবাদ সম্মেলনে অভিযোগ

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় মামলা দিয়ে হয়রানি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৪:৫৩

অ
বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় মামলা দিয়ে হয়রানি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাদের দ্বারা ‘মিথ্যা’ মামলা ও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ইঞ্জিনিয়ার মনিরুল আলম। সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ তুলে ধরেন।

মনিরুল আলম দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের কারণে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে মনিরুল আলম বলেন, ‘আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলাম না। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে থাকায় আওয়ামী লীগ নেতা ও পুলিশের কিছু অসাধু কর্মকর্তা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

তিনি আরও জানান, কুমিল্লা সিটির রেইসকোর্সে অবস্থিত ১নং আরএস খতিয়ানের ৫৭৮ নং দাগের সরকারি খাল উদ্ধারের জন্য তিনি জেলা প্রশাসক ও হাইকোর্টে আবেদন করেছিলেন। এর প্রতিশোধ হিসেবে আওয়ামী লীগ নেতা ও সরকারি খাল দখলদাররা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।

মনিরুল আলমের অভিযোগ, ২০২৪ সালের ১০ অক্টোবর তার বাড়িতে ডাকাতি করা হয় এবং প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করা হয়। এরপর তিনি ডাকাতির মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি আরও দাবি করেন, পুলিশ তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছে।

তিনি বলেন, ‘আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের জীবন হুমকির মুখে।’

মনিরুল আলম আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের কারণে ২০২৪ সালের ২১ জুলাই তার বিরুদ্ধে দুটি মামলা (জিআর-৫৯৬ ও জিআর-৫৯৭) দায়ের করা হয়। এ ছাড়া সরকারি খাল উদ্ধারের জন্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করায় তার বিরুদ্ধে আরও ৮টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। 

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। আদালত সেগুলো খারিজ করে দিয়েছে। কিন্তু পুলিশ ও আওয়ামী লীগ নেতারা আমাকে হয়রানি করা বন্ধ করেনি।’

সংবাদ সম্মেলনে মনিরুল আলম প্রধান উপদেষ্টার কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন। তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি শুধু ন্যায়বিচার চাই। আমার বিরুদ্ধে করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক। সরকারি খাল উদ্ধারের জন্য জেলা প্রশাসক কার্যকর পদক্ষেপ নিন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মনিরুল আলম বলেন, ‘আমার কণ্ঠস্বর দেশবাসীর কাছে পৌঁছে দিন। আমি শুধু ন্যায়বিচার চাই। আমার বিরুদ্ধে করা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি লড়াই চালিয়ে যাব।’

  • জেসি/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন