ঈদযাত্রার ষষ্ঠ দিনেও যাত্রীশূন্য ঢাকার সবচেয়ে বড় বাস টার্মিনাল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৪:৩০
ছবি : বাংলাদেশের খবর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রায় অলস সময় পার করছে ঢাকার সবচেয়ে বড় বাস টার্মিনাল গাবতলী। এবারের ঈদে গাবতলীতে যাত্রীদের আনাগোনা অন্যান্য বছরের তুলনায় একদমই কম দেখা যাচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, শনিবার (২৯ মার্চ) ঈদযাত্রার ষষ্ঠ দিনেও গাবতলী বাস টার্মিনাল প্রায় যাত্রীশূন্য রয়েছে। কোনোরকমের ভিড় ছাড়াই স্বাভাবিক সময়ের মতোই চলছে সবকিছু।
যাত্রীশূন্যতার কারণ সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, মানুষ এখন অগ্রিম টিকিট নিয়ে নিচ্ছে। অনলাইনে টিকিট কেটে ফেলছে। ফলে বাস টার্মিনাল বা কাউন্টারে ভিড় হচ্ছে না। এ ছাড়া অধিকাংশ যাত্রীই লোকাল গাড়িতে করে ভেঙে ভেঙে বাড়ি যাচ্ছেন। ফলে টার্মিনালে আসতে হচ্ছে না তাদের।
এদিকে যামান পরিবহনের এক কর্মকর্তা বলেন, যাত্রীদের মাঝে কিছু ভুল তথ্য ছড়ানো হয়েছে। বেশি ভাড়া আদায়ের কথা বলা হয়েছে। ফলে যাত্রীরা টার্মিনালে আসছেন না। অনেকে লোকাল গাড়িতে করে ভেঙে ভেঙে বাড়ি ফিরছেন।
সোহাগ পরিবহনের যশোরগামী এক যাত্রী বলেন, এ বছর ২৬ শে মার্চের ছুটি থাকায় সবাই আগেই চলে গেছেন। তাই এখন টার্মিনালে ভিড় কম। তবে বিকেলের দিকে কিছু ভিড় জমবে। গার্মেন্টস ছুটি হলে শ্রমিকরা ঘরমুখো হবেন।
ঈদযাত্রায় সবধরনের বিশৃঙ্খলা এড়াতে গাবতলী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে কাজ করছে। পরিস্থিতি ঠিক রাখতে রয়েছে র্যাব ও পুলিশের কন্ট্রোল রুম। এ ছাড়া বিআরটিএর ভিজিলেন্স টিমও কাজ করছে।
ডিআর/এটিআর

