ছবি : সংগৃহীত
আজ রোববার (১ ডিসেম্বর) বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে লাহোরের স্কোর ৩০৬। বায়ুর এই মান ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়। অন্যদিকে ১৯১ স্কোর নিয়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।
রোববার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করেছে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
বায়ুদূষণে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম অবস্থানে রয়েছে যথাক্রমে ভারতের রাজধানী দিল্লি (২৬৭ স্কোর), পাকিস্তানের করাচি (১৯৭ স্কোর), ঘানার আকরা (১৯৫ স্কোর) ও ভারতের কলকাতা (১৯১ স্কোর)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।
১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু।
স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।
ডিআর/এসবি

