সাভারের আশুলিয়ায় ফয়সাল কবির (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।
এর আগে বিকেলে আশুলিয়ার চাড়ালপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো, আশুলিয়ার গাজীরচট এলাকার আমজাদ ও শামিম। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
নিহত ফয়সাল কবির (৩২) ফরিদপুর জেলার নগরকান্দা থানার ধর্মদি দক্ষিনপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় হেলাল খন্দকারের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, শনিবার (৩০ নভেম্বর) রাতে আশুলিয়ার ইউনিক এলাকার কাজী বাড়ির সামনে ৮-৯ জন সন্ত্রাসী এলোপাতাড়িভাবে ফয়সালকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে হ্যাপি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বাংলাদেশের খবরকে বলেন, ‘হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
হাসান ভুঁইয়া/এমজে

