Logo

রাজধানী

রাজধানীতে তালা ভেঙে দম্পতির মরদেহ উদ্ধার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৬:৩০

অ
রাজধানীতে তালা ভেঙে দম্পতির মরদেহ উদ্ধার

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

রাজধানীর ওয়ারীর একটি বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে ওয়ারী থানার ওয়ার স্ট্রিটের জমজম টাওয়ারের পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ। দম্পতির নাম  ও আইরিন আক্তার রত্না । 

নিহতরা হলেন- কুমিল্লা জেলার তিতাস উপজেলার আড়াইকান্দি গ্রামের মো. মুসার ছেলে মোহাম্মদ মুঈদ এবং তার স্ত্রী রত্না।

ওয়ারী থানা পুলিশ জানায়, শনিবার রাতে খবর পেয়ে ওই বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্বামী মুঈদের মরদেহ পচনশীল ছিল। একই বিছানায় তার স্ত্রী রত্নাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে সিআইডি আলামত সংগ্রহের পর মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) কাউছার আহম্মদ বলেন, ‘ওই বাসায় স্বামী স্ত্রী দুজনই থাকত। কারও সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। গৃহকর্মী কাজ করে যেত। দুই মাস ধরে বেতন দিতে পারেননি। রোজার ঈদের পরে বেতন দেওয়ার কথা ছিল।  বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে বেতন নিতে এসে অনেকক্ষণ কলিং বেল টিপেও কোনো সাড়াশব্দ না পেয়ে চলে যায় গৃহকর্মী। এরপর শনিবার বিকেলে বাড়িওয়ালার মাধ্যমে ওই বাসায় আবার যায় গৃহকর্মী। অনেক চেষ্টার পর সাড়া-শব্দ না পেয়ে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে ওই বাসায় গিয়ে কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। ভেতরের দরজাগুলো খোলা অবস্থায় ছিল।’

তিনি আরও বলেন, ‘মরদেহ দুটির পাশে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লেখা, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকায় কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’  

ধারণা করা হচ্ছে, স্বামী চার-পাঁচদিন আগে মারা গেছেন। এই শোকে স্ত্রী কোনো কিছু সেবন করে আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

মৃত মুঈদের বড় ভাই ডা. মুগলী সানি বলেন, ‘২০০৯ সালে বিয়ে হয় তাদের। তাদের কোনো সন্তান ছিল না। তবে গত ২০২১ সালের পর তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ নাই। ঢাকার কোথায় থাকত আমাদের জানা ছিল না। আমার ভাইয়ের আমেরিকায় যাওয়ার কথা ছিল। শনিবার সন্ধ্যায় পুলিশের মাধ্যমে তাদের মরদেহ উদ্ধারের কথা জানতে পারি। তবে কীভাবে মারা গেছে তা আমাদের জানা নেই।’

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন