প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র হত্যা, ঘটনাস্থলে থাকা ৩ জন গ্রেপ্তার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:১৮
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)।
সোমবার (২১ এপ্রিল) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গ্রেপ্তার এই তিনজন এজাহারভুক্ত আসামি নয়। তবে এই তিনজন হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলেন এবং সিসি ক্যামেরাতেও তাদের গতিবিধি দেখা গেছে।’
বনানী থানার ওসি আরও বলেন, ‘সোমবার ভোরে মহাখালী ওয়ারলেস গেটসহ আশপাশে এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।’
এই তিনজনকে রিমান্ডে নিয়ে হত্যাকাণ্ডে কারা জড়িত এবং কী নিয়ে হত্যা সবকিছু জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় ১৯ এপ্রিল রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা করেন। এতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন–মেহেরাজ ইসলাম (২০), আবু জহর গিফফারি পিয়াস (২০), মো. মাহাথির হাসান (২০), সোবহান নিয়াজ তুষার (২৪), হৃদয় মিয়াজি (২৩), রিফাত (২১), আলী (২১) ও ফাহিম (২২)। এ ছাড়া অজ্ঞাত পরিচয়ের আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়।
এমজে

